
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রতিবছর পাঁচ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বিদ্যালয় প্রাঙ্গণের বোর্ডিং মাঠে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, "মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত প্রতিবছর পাঁচ কোটি বৃক্ষ রোপণের এই লক্ষ্যমাত্রা দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এক যুগান্তকারী পদক্ষেপ। নতুন প্রজন্ম ও শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের কর্মসূচি আরও বেশি ভূমিকা রাখবে।" তিনি প্রতিটি শিক্ষার্থীকে নিজ নিজ উদ্যোগে অন্তত একটি করে গাছ লাগানোর এবং তার সঠিক পরিচর্যা করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন বিদ্যালয়ের বোর্ডিং মাঠে এই কর্মসূচি সফলভাবে আয়োজন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং বিদ্যালয়ের সবুজায়নে এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর প্রধান অতিথি ও সভাপতিসহ আমন্ত্রিত অতিথিরা বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page