নিজস্ব প্রতিনিধি :
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার।
তিনি বলেন, সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে কর্মক্ষম করে গড়ে তুলতে তাদের বিভিন্ন কাজের প্রশিক্ষণ দিয়ে পুনর্বাসিত করা সরকারের দায়িত্ব ও কর্তব্য। এ লক্ষ্যে বিভিন্ন দক্ষতার পাশাপাশি ভাষা শিক্ষা প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হচ্ছে। যাতে তারা নিজেদেরকে সমাজে কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে পারে।
আজ রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা কার্যালয়ের সভাকক্ষে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রমের বিকাশে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। এছাড়া মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, সমাজসেবা অধিদপ্তরের এবং বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক, পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালকগণ উপস্থিত ছিলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দেশব্যাপী কাজের পরিধি ব্যাপক। বিগত সরকারের সক্রিয় ভূমিকা না থাকায় এদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নতি হয়নি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আসন্ন বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় খাতে কাজের পরিধি ব্যাপকতা পাবে এবং সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। জটিল রোগের চিকিৎসার অনুদান ৫০ হাজার টাকা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে।
বিএনপির নির্বাচনী ইশতেহার এখন জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী বছর প্রায় ৪০ লাখ ২০ হাজার মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।
এ ছাড়া, এতিম শিশুদের শুধু আশ্রয় নয়, দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page