নিজস্ব প্রতিনিধি :
দেশের জ্বালানি নিরাপত্তা, এলএনজি আমদানি, ভোলা থেকে গ্যাস পরিবহন, এফএসআরইউ এবং ল্যান্ড-বেইজড এলএনজি টার্মিনাল স্থাপনসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় দ্রুত পর্যালোচনা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সরকার একটি উচ্চপর্যায়ের মন্ত্রিপরিষদ উপ-কমিটি গঠন করেছে।
গতকাল (সোমবার) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, জ্বালানি বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান, অর্থ বিভাগের সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের মতামত গ্রহণ করতে পারবে।
প্রয়োজনে সদস্য কো-অপ্ট করারও ক্ষমতা থাকবে কমিটির।
এছাড়া কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কমিটিকে সার্বিক সহায়তা প্রদান করবে। গঠিত এই কমিটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ এবং জ্বালানি অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এই উপ-কমিটি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page