
নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিক আবদুল কাদিরের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফরিদগঞ্জ প্রেসক্লাব।
প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক কালবেলা ও দৈনিক চাঁদপুর প্রতিদিন-এর ফরিদগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আবদুল কাদিরের বিরুদ্ধে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার নাম ব্যবহার করে ভুয়া ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানা গেছে।
প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, সাংবাদিক আবদুল কাদির দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। বিশেষ করে জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে তার অনুসন্ধানী প্রতিবেদন পাঠকমহলে ব্যাপক আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে। তার এই অর্জিত সুনামকে ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে নানা অপচেষ্টা চালিয়ে আসছে।
ঘটনার সূত্রপাত একটি আলোচিত অনুসন্ধানী প্রতিবেদনকে কেন্দ্র করে। গত ৫ মে বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা ফাতেমা বেগমের পরিবর্তে তার ছেলে, সদ্য দাখিল পাস করা মিরাজুন্নবী সিয়াম শ্রেণিকক্ষে পাঠদান করছে—এমন তথ্য সংগ্রহ করেন কয়েকজন সংবাদকর্মী।
বিষয়টির সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট সাংবাদিকরা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফারহানা আক্তার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাবুল ইসলাম এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানার সঙ্গে যোগাযোগ করেন। অনুসন্ধানকালে একাধিক অসঙ্গতি পরিলক্ষিত হয়, যা পরবর্তীতে সংবাদ আকারে প্রকাশ পায়।
সংবাদ প্রকাশের পর প্রাথমিক শিক্ষা বিভাগের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের ভিত্তিতে গত ১২ মে সহকারী শিক্ষিকা ফাতেমা বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়। একইসঙ্গে বিধি অনুযায়ী তাকে খোরাকি ভাতা প্রদানের নির্দেশ দিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে অফিস আদেশ জারি করা হয়।
এ ঘটনার পরপরই একটি স্বার্থান্বেষী মহল সাংবাদিক আবদুল কাদিরের বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর অপপ্রচার শুরু করে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফটোকার্ড ও মিথ্যা তথ্য ছড়িয়ে তার পেশাগত ভাবমূর্তি নষ্টের চেষ্টা করা হচ্ছে।
এ প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন কবির বলেন,
“আমি ব্যক্তিগতভাবে প্রায় ৭-৮ বছর ধরে সাংবাদিক আবদুল কাদিরকে চিনি। তিনি অত্যন্ত ভদ্র, সৎ ও নীতিবান মানুষ। তার বিরুদ্ধে এমন অপপ্রচার দুঃখজনক।”
ফরিদগঞ্জ প্রেসক্লাব মনে করে, এ ধরনের কর্মকাণ্ড শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করে না, বরং সামগ্রিকভাবে স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে।
প্রেসক্লাব সংশ্লিষ্ট সকলকে এ ধরনের ভিত্তিহীন অপপ্রচার, মিথ্যাচার ও মানহানিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে এবং এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page