নিজস্ব প্রতিনিধি :
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের কোরবানির সময় সংগৃহীত মোট চামড়ার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই এ ও বি গ্রেডের হয়ে থাকে। তবে চামড়ার দাম দেশের চাহিদার উপর নির্ভর করে না, বরং আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর নির্ভরশীল।
আজ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বিশ্ব অর্থনীতি বর্তমানে কিছুটা টালমাটাল অবস্থার মধ্যে রয়েছে। মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় বিশ্বব্যাপী অনেকেই চামড়াজাত পণ্যের পরিবর্তে সিনথেটিক পণ্যের দিকে ঝুঁকছেন। এর প্রভাব আন্তর্জাতিক চামড়ার বাজারেও পড়ছে।
তিনি বলেন, বিশ্ব একটি পরিবারের মতো। পৃথিবীর কোথাও কোনো অর্থনৈতিক সংকট দেখা দিলে তার প্রভাব অন্য দেশগুলোর ওপরও পড়ে। আমরা যে চামড়া উৎপাদন করি তার একটি বড় অংশ রপ্তানি হয়। ফলে আন্তর্জাতিক বাজারে চাহিদা ও মূল্য কমে গেলে দেশের বাজারেও তার প্রভাব পড়ে।
আমিন উর রশীদ আরও বলেন, দেশের চামড়া শিল্পকে টেকসই করতে হলে আন্তর্জাতিক বাজারের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে এবং রপ্তানি বাজার সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউছুফ মোল্লাসহ জেলা ও মহানগর বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page