
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালিবাড়ী গরু হাটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. রাসেল মিয়া ফুলছড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. রাসেল মিয়া ‘দৈনিক আজকের জনবানী’ পত্রিকার একজন স্টাফ রিপোর্টার। গত ২৭ মে দুপুরে কালিবাড়ী গরু হাটে একটি অসুস্থ গরু বিক্রিকে কেন্দ্র করে বিক্রেতা ও ক্রেতার মধ্যে বাক-বিতণ্ডা হয়। সাংবাদিক রাসেল মিয়া বিষয়টি মীমাংসার চেষ্টা করলে হাটের ইজারাদারের কর্মী মো. সাজু মিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত সাজু মিয়া সাংবাদিক রাসেল মিয়া ও তাঁর সঙ্গে থাকা ক্যামেরাম্যান মোর্শেদকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ সময় উপস্থিত লোকজন তাঁদের রক্ষা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন স্থানে সাংবাদিক রাসেল মিয়াকে মারপিট ও জখম করার হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগে জানানো হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মো. মোর্শেদ ও বরুণ কুমার সিংয়ের নাম উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর করা এই অভিযোগে, বিষয়টি সরেজমিনে তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক রাসেল মিয়া বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমি যে পরিস্থিতির শিকার হয়েছি, তা অত্যন্ত দুঃখজনক। আমি প্রশাসনের কাছে আমার নিরাপত্তা ও সঠিক বিচার প্রার্থনা করছি।’
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page