
মোঃ রফিকুল ইসলাম মৃধা-(স্টাফ রিপোর্টার) :
পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটে পৌর শহরের গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—পৌর শহরের শ্যামলীবাগ ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও প্রেসক্লাব গলাচিপার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজের ছোট ভাই মোহাম্মদ ফয়সাল (১৬) এবং একই এলাকার তামিম ইকবাল (১৬)। ফয়সাল ঢাকার তা’মীরুল মিল্লাত মাদ্রাসার শিক্ষার্থী এবং তামিম গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে পৌর শহরের গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তামিম ইকবাল নিহত হয় এবং ফয়সাল গুরুতর আহত হয়। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তামিম ইকবালকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় মোহাম্মদ ফয়সালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক ফয়সালকেও মৃত ঘোষণা করেন।
দুই তরুণের এমন অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page