
আল মুজাহিদ-(যশোর)
রামিসাসহ সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং হত্যার ঘটনার প্রতিবাদে যশোরে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে “নিপীড়ন বিরোধী যশোর” ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিককর্মী, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রাশেদ খানের সভাপতিত্বে বক্তব্য দেন বাসদ জেলা সদস্য সচিব কমরেড হাসিনুর রহমান, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড তসলিম উর রহমান, গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বুলু, শিক্ষাবিদ প্রফেসর ইসরারুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারিকুল ইসলাম তারু, শিক্ষক সৈয়েদা বানু শিল্পীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
বক্তারা অভিযোগ করেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। বিচারহীনতা ও দুর্বল আইনি প্রয়োগের কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে তারা মন্তব্য করেন। তাদের ভাষ্য, নারী নির্যাতন শুধু বিচ্ছিন্ন অপরাধ নয়, এটি সামাজিক ও রাষ্ট্রীয় সংকটের প্রতিফলন।
সমাবেশে বক্তারা বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে একটি সমাজ কখনো মানবিক ও সভ্য হতে পারে না। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
এ সময় রামিসাসহ সারাদেশে নির্যাতনের শিকার নারী ও শিশুদের প্রতি সংহতি প্রকাশ করা হয়। একই সঙ্গে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, বিচারহীনতার অবসান এবং নারীর প্রতি বৈষম্যমূলক মানসিকতার পরিবর্তনের আহ্বান জানানো হয়।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নারী নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page