
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৬ নম্বর ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরীফপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তিন মাদক কারবারি হলেন—
১. সঞ্জয় দাস, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বেজুরা এলাকার সেতু দাসের ছেলে।
২. সেন্টু সরকার, একই উপজেলার দক্ষিণ বেজুরা এলাকার মধু সরকারের ছেলে।
৩. মানিক, বাহুবল উপজেলার খিলবামৈ এলাকার হারুন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি চৌকস দল ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরীফপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি সাদা রঙের প্রাইভেটকারকে (যার ছবি সংযুক্ত) থামানোর সংকেত দেয় পুলিশ। গাড়িটি থামিয়ে তল্লাশি চালালে ভেতর থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনের অভিযোগে গাড়িতে থাকা ওই তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
বাঞ্ছারামপুর থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা এবং মাদক বহনের দায়ে প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে পুলিশের এই ধরনের বিশেষ অভিযান ও কঠোর নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page