
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাশীঘাটে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ মানুষের জন্য বরাদ্দ দেওয়া সরকারি ভিজিএফের চালবোঝাই দুটি নৌকা আকস্মিক ঝড়ে ডুবে গেছে। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস সব চালের বস্তা উদ্ধার করতে সক্ষম হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে এ ঘটনা ঘটে। এর আগে বুধবার রাতে চালগুলো নৌকায় তোলা হয়েছিল এবং ঘাটেই রাখা হয়েছিল। সকালে হঠাৎ দমকা হাওয়া ও ঝড় শুরু হলে নৌকা দুটি ঘাটের কাছেই নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, নৌকা দুটিতে ৫০ কেজি ওজনের মোট ৪৬৭ বস্তা চাল ছিল। ঈদ উপলক্ষে এসব চাল ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের চরাঞ্চলের অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণের কথা ছিল।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করেন। স্থানীয় জেলেরা, নৌকার মাঝিরা ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ কাজে অংশ নেন। সবাই মিলে ভেজা চালের বস্তাগুলো তীরে তুলে আনেন।
ইউএনও মোস্তাফিজুর রহমান আরও বলেন, “স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস বস্তাগুলো উদ্ধার করেছে। তবে সবগুলো বস্তা উদ্ধার করা গেছে কি না, তা হিসাব করলে জানা যাবে।”
প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া চালের বস্তাগুলো প্রয়োজনীয় শুকানোর পর দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হবে। ডুবির সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নৌকা দুটিও উদ্ধারের চেষ্টা চলছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ভূয়সী প্রশংসা করেছেন। তারা বলেন, প্রশাসন ও ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
এ ঘটনায় চাল উদ্ধারের পরিমাণ ও নৌকার ক্ষয়ক্ষতি নিরূপণে উপজেলা প্রশাসন তদন্ত শুরু করেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page