
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী ‘কালনী এক্সপ্রেস’ ট্রেনে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল সোয়া ১১টার দিকে ট্রেনের ছাদ থেকে তল্লাশি চালিয়ে এই ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ ও রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি আজ সকাল সোয়া ১১টার দিকে আজমপুর রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে নির্ধারিত যাত্রাবিরতি দেয়। এ সময় আগে থেকে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে পুলিশের একটি দল ট্রেনটিতে তল্লাশি চালায়।
তল্লাশিকালে ট্রেনের এসি (শীতাতপ নিয়ন্ত্রিত) বগির ছাদের ওপরে থাকা এসি কাভারের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা তিনটি স্কুলব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগগুলো খুলে তার ভেতর থেকে মোট ১২ কেজি গাঁজা জব্দ করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা আগেই চম্পট দেওয়ায় এই ঘটনায় কাউকেই আটক করা সম্ভব হয়নি।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপার জান্নাত আফরোজের বিশেষ নির্দেশনায় এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, ট্রেনের ছাদে বিশেষ কায়দায় ব্যাগগুলো লুকিয়ে রেখে মাদক পাচারের চেষ্টা করা হচ্ছিল। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রেলপথে মাদক ও চোরাচালান রোধে রেলওয়ে পুলিশের এই ধরনের ঝটিকা অভিযান ও কঠোর নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page