
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
নরসিংদীর শিবপুর মডেল থানার আলোচিত শিশু অপহরণ মামলার ৩ বছর বয়সী ভিকটিম উম্মে হানিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র্যাব। অপহরণের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে চালানো এই যৌথ অভিযানে ঘটনার মূল হোতা শরীফা বেগম (৩৫) এবং তাঁর স্বামী মো. নিজাম উদ্দিনকে (৪০) গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১১ (সিপিএসসি, নরসিংদী) এবং র্যাব-০৯ (সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ)-এর একটি চৌকস দল যৌথ অভিযান চালিয়ে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ভোলাউক এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত শরীফা বেগম পূর্বে অপহৃত শিশু উম্মে হানির মায়ের সহকর্মী (কলিগ) ছিলেন। সেই সুবাদে ভুক্তভোগী পরিবারের সাথে তাঁর বেশ ঘনিষ্ঠতা গড়ে ওঠে এবং তিনি নিয়মিত তাদের বাসায় যাতায়াত করতেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ মে সকালে শিবপুর উপজেলার ধানুয়া এলাকার একটি ভাড়া বাসায় আসেন শরীফা বেগম। সেখানে তিনি শিশু উম্মে হানিকে আদর করার ছলে কোলে নেন এবং বাইরে থেকে একটু ঘুরিয়ে আনার কথা বলে বাসা থেকে বের হন। ওই সময় শিশুটির মা রাতের ডিউটি শেষ করে এসে ক্লান্ত হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। পরে ঘুম থেকে উঠে তিনি দেখেন তাঁর কন্যাসন্তান ও শরীফা বেগম—দুুজনের কেউই বাসায় নেই।
পরবর্তীতে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে শিশুটির মা বাদী হয়ে শিবপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলা রুজুর পর র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। এরপরই র্যাব-১১ ও র্যাব-০৯ যৌথভাবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঝটিকা অভিযান চালিয়ে অপহৃত শিশুকে উদ্ধার এবং অপহরণকারী দম্পতিকে হাতেনাতে গ্রেফতার করে।
র্যাব আরও জানায়, উদ্ধার হওয়া শিশু উম্মে হানিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার মো. আরিফুল ইসলাম বলেন,
“অপহরণসহ যেকোনো অপরাধ দমনে র্যাব সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। শিশু উম্মে হানিকে দ্রুত উদ্ধার এবং জড়িতদের গ্রেফতার করতে পেরে আমরা সন্তুষ্ট। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page