
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা ক্যান্টনমেন্ট থানা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় আজ উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সচিব জনাব আব্দুর রহমান সানি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাত্তার পাটোয়ারী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল হান্নান, ক্যান্টনমেন্ট থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর ভাই এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ বাবুল ভাই।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে আব্দুর রহমান সানি বলেন, “বর্তমান প্রজন্মকে শুধু শিক্ষিত হলেই হবে না, তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে। খেলাধুলা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “মাদ্রাসা শিক্ষার্থীরাও আজ বিভিন্ন ক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখছে। সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে তারাও দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।”
পরে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এ সময় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page