
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
নদীবিধৌত চরাঞ্চলের প্রান্তিক কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সুফলভোগীদের মাঝে বিভিন্ন ধরনের গবাদিপশু ও হাঁস-মুরগি বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৮ মে, ২০২৬) দুপুরে দোহার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহত্তর ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার চরাঞ্চলের কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন ও সহায়তার জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। কৃষকদের উৎসাহিত করে তিনি তাঁর বক্তব্যে বলেন, "কৃষকদের স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে অনেক কৃষক নানা সংকটের কারণে কৃষি কাজ থেকে দূরে সরে যাচ্ছেন; কারণ তারা ঠিকমতো সেচ, পানি ও সার পাচ্ছেন না। সরকার এই মৌলিক সুবিধাগুলো আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় এবং আপনাদের স্বাবলম্বী করতে চায়। আপনারা যেন একটি মাত্র সরকারি পশুর জন্য সকাল থেকে এখানে বসে না থেকে, সরকারি এই সহায়তাকে কাজে লাগিয়ে আস্তে আস্তে নিজেদের একেকটি বড় খামার তৈরি করতে পারেন—সেই লক্ষ্য নিয়ে কাজ করুন। নিজেদের সেভাবে গড়ে তুলুন, সরকার সবসময় আপনাদের পাশে থাকবে।"
আলোচনা সভা শেষে চরাঞ্চলের দুস্থ ও প্রান্তিক খামারিদের মাঝে বিভিন্ন ধরনের উন্নত জাতের গবাদিপশু ও প্রাণিসম্পদ সামগ্রী বিতরণ করেন অতিথিরা। সরকারি এই সহায়তা হাতে পেয়ে সুফলভোগী চরাঞ্চলের কৃষকদের চোখে-মুখে আনন্দ ও স্বস্তির ছাপ দেখা যায়। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট কাটিয়ে তারা এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বুনছেন।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. মো. আব্দুর রহিম। এছাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং চরাঞ্চলের সুফলভোগী কৃষক ও খামারিরা কর্মসূচিতে অংশ নেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page