
মোঃ আল-আমিন, অষ্টগ্রাম
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ৩ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টের মাধ্যমে স্বতন্ত্র “হাওর মন্ত্রণালয়” গঠনের দাবি জানিয়েছেন। তার এই পোস্ট ঘিরে হাওরাঞ্চলের মানুষের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার (১৪ মে) দেওয়া ওই পোস্টে তিনি হাওরাঞ্চলের দীর্ঘদিনের অবহেলা, প্রশাসনিক জটিলতা এবং নদীভাঙনসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে অষ্টগ্রাম-চাতলপার সড়ক ও বিভিন্ন এলাকার নদীভাঙনের বিষয় উল্লেখ করে তিনি বলেন, একটি সমস্যার সমাধানে একাধিক মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতার কারণে সময়ক্ষেপণ হচ্ছে, যার মাশুল দিচ্ছে সাধারণ মানুষ।
পোস্টে তিনি উল্লেখ করেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান ভাঙন রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে যোগাযোগ করলে এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে পাঠানো হয়। ফলে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি এবং এতে হাওরাঞ্চলের বহু ঘরবাড়ি, রাস্তা ও কোটি কোটি টাকার সম্পদ হুমকির মুখে পড়েছে।
চেয়ারম্যান ফাইয়াজ হাসান বাবু তার পোস্টে দাবি করেন, আলাদা একটি “হাওর মন্ত্রণালয়” থাকলে হাওরাঞ্চলের বাঁধ, সড়ক, কৃষি, নদীভাঙন প্রতিরোধ ও কৃষকের নিরাপত্তার মতো বিষয়গুলো একই ছাতার নিচে সমন্বিতভাবে পরিচালনা করা সম্ভব হতো। এতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন সহজ হতো বলে তিনি মত প্রকাশ করেন।
তিনি আরও বলেন, হাওরের ভৌগোলিক বৈশিষ্ট্য দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে ভিন্ন হওয়ায় এর উন্নয়ন পরিকল্পনাও আলাদা হওয়া প্রয়োজন। তাই হাওরবাসীর অস্তিত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বতন্ত্র হাওর মন্ত্রণালয়ের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
ফেসবুক পোস্টের শেষাংশে তিনি নিজেকে “জনতার একজন কর্মচারী ও জাতীয়তাবাদী দলের একজন সাধারণ কর্মী” উল্লেখ করে হাওরাঞ্চলের মানুষের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page