
মো: আল-মাহফুজ শাওন
খুলনা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। একই সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নবগঠিত কমিটিতে ত্যাগী, পরীক্ষিত ও দীর্ঘদিন রাজপথে সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। তারা দাবি করেন, বিতর্কিত ও অযোগ্য ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “দলের দুঃসময়ে যারা মাঠে ছিলেন, তাদের বাদ দিয়ে ব্যক্তিস্বার্থ ও লবিংয়ের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি তৃণমূলের প্রত্যাশা পূরণ করতে পারেনি।”
তারা আরও বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে খুলনা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতাদের সমন্বয়ে নতুন কমিটি ঘোষণা না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং বিভিন্ন স্লোগান দেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page