মোল্লাহাটে জমির বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩
আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বিরোধপূর্ণ জমিতে খড়ের গাদা দেয়া ও বাধা দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বৃদ্ধসহ এক নারী আহত হয়েছেন। বুধবার (১৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলার রাজপাট গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—লিয়াকত আলী মীর (৭০) ও শফিক মীর (৬৫)। তাদেরকে গুরুতর অবস্থায় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে, আহত রিলি (৪৫) বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন।
আহত রিলি দাবি করেন, তার স্বামী সাখায়েত মীরের সাথে চাচাতো ভাই লিয়াকত আলী মীরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। তাদের দখলীয় জমিতে খড়ের গাদা দিতে গেলে প্রতিপক্ষ হামলা চালায়। এ সময় তার স্বামী ও ছেলে পাশের বাড়িতে আশ্রয় নিলে তিনি একা পড়ে যান এবং প্রতিপক্ষ তাকে মারধর করে।
অন্যদিকে, হাসপাতালে চিকিৎসাধীন লিয়াকত আলী মীর ও শফিক মীর জানান, তাদের নিজস্ব জমিতে জোরপূর্বক খড়ের গাদা দিতে গেলে তারা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সাখায়েত মীর, তার ছেলে মামুন এবং স্ত্রী রিলিসহ কয়েকজন তাদের ওপর ইট দিয়ে হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক জানান, ওই ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
#######
আল হাফিজ
(বাগেরহাট )মোল্লাহাট প্রতিনিধি
মোবাঃ ০১৭৫৬৩০৯৭৩৬
তাং ১৩/০৫/২০২৬ ইং।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page