
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক ক্যাবল চুরির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার সুলতানপুর এলাকার যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০ ফুট দৈর্ঘ্যের বৈদ্যুতিক ক্যাবল ও একটি তার কাটার প্লাস উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের পরিচয়
গ্রেফতারকৃতরা হলেন— সুলতানপুর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গাল গ্রামের পশ্চিম পাড়ার আবু নাছেরের ছেলে জামির হোসেন (৩২) এবং একই গ্রামের উত্তর পাড়ার আজিমুল হকের ছেলে ইব্রাহিম খান (২০)।
যেভাবে ধরা পড়ল চোরচক্র
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে একদল চোর সুলতানপুর যুব প্রশিক্ষণ কেন্দ্রের পাওয়ার হাউজে প্রবেশ করে বৈদ্যুতিক ক্যাবল চুরির চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে দুইজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হন, তবে চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়।
পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটককৃতদের হেফাজতে নেয়।
গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান:
“গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আজ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”
পলাতক বাকি আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page