
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
মাদকদ্রব্য উদ্ধার ও মাদকবিরোধী অভিযানে বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে সারা দেশে প্রথম স্থান অর্জন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ২০২৫ সালের কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে ‘খ’ গ্রুপে এই গৌরবময় কৃতিত্ব অর্জন করেছে জেলাটি।
মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশকে এই সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ-এর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সাল জুড়ে ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযান ছিল অত্যন্ত জোরালো। জেলাজুড়ে মাদকের বিস্তার রোধে পুলিশ সুপারের নির্দেশনায় ধারাবাহিক ঝটিকা অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের ফলেই জাতীয় পর্যায়ে এই শীর্ষস্থান অর্জন সম্ভব হয়েছে।
এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে জেলা পুলিশ জানায়, “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ”—এই মূলমন্ত্রকে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়াকে সম্পূর্ণ মাদকমুক্ত ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। পেশাদারিত্বের সাথে জনগণকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে।
এই অভাবনীয় সাফল্যে জেলা পুলিশের সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যদের মাঝে আনন্দ বিরাজ করছে এবং স্থানীয় সুশীল সমাজ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page