
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১২ মে) ভোরের দিকে শহরের পূর্ব মেড্ডা বাসস্ট্যান্ড এলাকায় এই মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে মিছিলে নেতৃত্ব দেওয়া নেতার ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হলে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঝটিকা মিছিল ও নেতৃত্ব
জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে কোনো এক সময় শহরের পূর্ব মেড্ডা এলাকায় অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে এই মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগ নেতা লিমন আল স্বাধীন। জাতীয় পতাকা হাতে লিমন আল স্বাধীন নিজে ‘জয় বাংলা’ স্লোগান ধরলে তার সমর্থকরাও পাল্টা স্লোগান দেন। মিছিলে অংশ নেওয়া ৫০-৬০ জন নেতাকর্মীর মাথায় সাদা ক্যাপ দেখা গেছে।
সকাল পৌনে ১১টার দিকে লিমন আল স্বাধীন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মিছিলের ৪৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে মিছিলকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ সংগঠনের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার পর জেলায় এটিই তাদের বড় কোনো প্রকাশ্য মিছিলের ঘটনা।
নিষেধাজ্ঞার মধ্যে প্রকাশ্য দিবালোকে জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ছাত্রলীগের এই মিছিল নিয়ে শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের এমন তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ভিডিওটি নজরে আসার পর পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page