
মোঃ শফিকুল আলম-ক্রাইম রিপোর্টার, গাইবান্ধা :
গাইবান্ধা জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে দুর্নীতি, অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় সাধারণ জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে জাল স্ট্যাম্প ব্যবহার, পে-অর্ডার জালিয়াতি এবং অতিরিক্ত অর্থ আদায়ের মতো অনিয়ম চলছে, যা সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা এসব অনিয়ম দ্রুত বন্ধ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এসময় বক্তব্য দেন ইকবাল করিম, মনজুর রহমান লিটন, আব্দুস সালাম, আব্দুর রউফ ও মামুনুর রশিদ তুষার। বক্তারা বলেন, একটি অনির্বাচিত কমিটির নাম ব্যবহার করে জমি ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে অর্থ আদায় করা হচ্ছে।
বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page