
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
ঝিনাইদহে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শৈলকূপা উপজেলার বিভিন্ন এলাকায় কোরবানি গরু প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। এরমধ্যে ঝিনাইদহ শৈলকূপা উপজেলার সুন্ধা গ্রামের জলি খাতুনের পালন করা বিশাল আকৃতির কোরবানির গরু "মনা"কে ঘিরে স্থানীয়দের নজর কেড়েছে।
জানা গেছে, গরুটির মালিক জলি খাতুন। তার স্বামী প্রবাসী সাজ্জাদ গাজী। প্রায় ৩ (তিন) বছর ধরে পরিবারের সদস্যের মতো যত্নে পালন করা হচ্ছে ‘মনা’কে। সম্পূর্ণ স্বাভাবিক খাবার খাইয়ে বড় করা হয়েছে গরুটি।
গরুর মালিক জলি খাতুন জানান, গরুটিকে কোনো ধরনের ক্ষতিকর ওষুধ বা মোটাতাজাকরণ ইনজেকশন ছাড়াই লালন-পালন করা হয়েছে। প্রতিদিন ভুষি, গম, ভুট্টা, ঘাস, খৈল, ভাত ও ধানের খড়সহ বিভিন্ন পুষ্টিকর খাবার দেওয়া হয়।
এ ছাড়া গরম থেকে রক্ষা করতে গরুর ঘরে ২৪ (চব্বিশ) ঘণ্টা ফ্যান চালানো হয়। নিয়মিত গোসল করানো হয় ‘মনা’কে। এমনকি অনেক সময় সারাক্ষণই গরুটির পাশে সময় কাটান বলেও জানান তিনি।
তিনি আরও জানান, বর্তমানে গরুটির সম্ভাব্য ওজন প্রায় ২৭ (সাতাইশ) মণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং আসন্ন কোরবানির ঈদে গরুটি প্রায় ১০ (দশ) লাখ টাকা দামে বিক্রি হবে বলে আশা করছেন তিনি।
এদিকে ঝিনাইদহ শৈলকূপা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাসেল হোসেন নিয়মিত গরুটির খোঁজখবর রাখছেন। তিনি গরু পালন বিষয়ে খামারিকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন এবং সম্পূর্ণ প্রাকৃতিক খাবারের মাধ্যমে গরু পালন নিশ্চিত করতে সরকারি গাইডলাইন অনুসরণ করতে নির্দেশনা দিচ্ছেন বলে জানান জলি খাতুন।
এলাকাবাসী জানান, বিশাল আকৃতির গরু 'মনা’কে এক নজর দেখতে প্রতিদিনই আশপাশের লোকজন ভিড় করছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page