
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাতানবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মোরছালিন (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (৮ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মোরছালিন উপজেলার ধজনগর বাতানবাড়ি এলাকার হেবজু মিয়ার ছেলে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, তিনি একজন কলেজ শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও স্থানীয়দের অভিযোগ, শুক্রবার রাতে সীমান্ত এলাকায় অবস্থানকালে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর বিএসএফ সদস্যরা তার মরদেহ নিয়ে যায় এবং আজ পর্যন্ত তা ফেরত দেয়নি। এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকায় শোকের ছায়া নামার পাশাপাশি স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে বিএসএফ-এর সাথে যোগাযোগের পাশাপাশি প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
কসবা সীমান্ত এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল জোরদার করেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page