সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষকে ঘায়েল করতে নিজের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সদর উপজেলার সাদেকপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। নিহতের নাম জায়েদা খাতুন (৫৫)। এ ঘটনায় ঘাতক স্বামী আবু সাঈদ ও তার অপর স্ত্রীর এক সন্তানকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় জায়েদা খাতুনকে হত্যা করা হয়। হত্যার পর নিহতের মরদেহ বাড়ির পাশের একটি জমির আইলে ফেলে রাখা হয়। মঙ্গলবার সকালে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখেন।
ঘটনার পর খুনি আবু সাঈদ বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার পরিকল্পনা করেন। মঙ্গলবার তিনি নিজেই থানায় উপস্থিত হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ দায়ের করতে যান। তবে অভিযোগ দেওয়ার সময় তার কথাবার্তায় অসংলগ্নতা প্রকাশ পায়। এতে পুলিশের সন্দেহ তৈরি হয়। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন বলে জানায় পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, আবু সাঈদের বক্তব্যে সন্দেহ হলে তাকে এবং তার এক ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, প্রতিপক্ষকে ফাঁসাতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page