মোঃ তারিকুল ইসলাম খান
যশোর, সোমবার:
আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে পাঁচশ’ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার দুপুরে যশোর শহরের চাঁচড়া এলাকার হরিণার বিল এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হাসপাতাল ভবনের ফলক উন্মোচন করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই হাসপাতাল ভবন নির্মাণ করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত তরিকুল ইসলাম-এর সহধর্মিণী অধ্যাপক নার্গিস বেগম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন,
“আমাদের লক্ষ্য হচ্ছে দ্রুত মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। আমাদের সরকারের লক্ষ্য হচ্ছে মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা এবং মানুষকে সচেতন করে গড়ে তোলা।”
তিনি আরও বলেন,
“আমাদের সকলকে এটা মনে রাখতে হবে, আমরা যদি সামনে বাড়তে চাই, আমরা যদি দেশকে সামনে নিতে চাই, জাতিকে সামনে নিতে চাই, অবশ্যই একটি সুস্থ জাতির প্রয়োজন। জাতি সুস্থ-সবল না থাকলে সেই জাতি উন্নতি করতে পারে না।”
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page