মোঃ গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার্স
বাগেরহাটের ফকিরহাটে 'স্টেডফাস্ট' কুরিয়ার সার্ভিসের অফিসে অতর্কিত হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে কুরিয়ার সার্ভিসের ম্যানেজার সুশীল রায়সহ অন্তত ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ম্যানেজারকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফকিরহাট উপজেলার চৌধুরী ভিলার নিচতলায় দীর্ঘদিন ধরে চট্টগ্রামের কিছু ব্যবসায়ী অবৈধ রেনু পোনার ব্যবসা করে আসছিলেন। ওই ভবনের পাশের অংশেই স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের অফিস। অভিযোগ রয়েছে, রেনু ব্যবসায়ীরা তাদের পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার প্রতিদিন কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে পাকিং করে রাখে। গাড়ি থেকে পড়া নোংরা পানি ও বর্জ্যের দুর্গন্ধে কুরিয়ার সার্ভিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল।
গতকাল বিকাল আনুমানিক ৪ ঘটিকার সময় উক্ত প্রাইভেটকারটি আবারো অফিসের সামনে রাখা হলে কুরিয়ার সার্ভিসের ম্যানেজার সুশীল রায় তাতে বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রেনু ব্যবসায়ী আনোয়ার হোসেন (৫৫), জাহিদুল ইসলাম (৪৫) ও নিয়ামুল কবির (৪০) সহ একদল লোক লাঠিসোটা নিয়ে কুরিয়ার সার্ভিসে হামলা চালায়।
হামলাকারীরা ম্যানেজার সুশীল রায়কে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে। তাকে বাঁচাতে এগিয়ে এলে অফিসের ডেলিভারিম্যান জিহাদ শেখ (২৩), জুয়েল মোল্লা (২৩), মিরাজুল ইসলাম (২৬) ও সাব্বির মোড়ল (২৪) আহত হন।
লুটপাটের অভিযোগ:
কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষের দাবি, হামলার সময় দুষ্কৃতকারীরা অফিসের ক্যাশ বাক্স থেকে নগদ ৪,০০,০০০ (চার লক্ষ) টাকা এবং প্রায় ১,৫০,০০০ (দেড় লক্ষ) টাকা মূল্যের বিভিন্ন পার্সেল লুট করে নিয়ে গেছে। এছাড়া অফিসের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৮০,০০০ টাকার ক্ষতিসাধন করা হয়েছে।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে মো. মিজানুর রহমান বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page