সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ৩ হাজার ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ২২ এপ্রিল সকালে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম বুধবার সকাল ৭টা ২৫ মিনিটে টোলপ্লাজা এলাকায় প্রথম অভিযানটি পরিচালনা করে। অভিযানে মোঃ সাগর মিয়া (১৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক বহনের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত সাগর হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার যাত্রাগাঁও গ্রামের কালাম মিয়ার ছেলে।
অন্যদিকে, একই দিন সকাল ১০টা ১৫ মিনিটে দ্বিতীয় অভিযানটি চালায় পুলিশ। টোলপ্লাজা এলাকায় পরিচালিত এই অভিযানে ৩ হাজার ১৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা হলেন—ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিসপুর গ্রামের মোঃ জুয়েল (১৮) ও মোঃ রুবেল (৩২)। ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত তাদের মোটরসাইকেলটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আশুগঞ্জ থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page