গাইবান্ধায় ঠাকুরবাড়ি মেলায় জুয়ার আসরে চেয়ারম্যানের হানা: সরঞ্জাম জব্দ
মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী ঠাকুরবাড়ি মেলা উপলক্ষে বসানো একটি অবৈধ জুয়ার আসরে ঝটিকা অভিযান চালিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। অভিযানে জুয়া খেলার বিপুল পরিমাণ সরঞ্জাম ও সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রামচন্দ্রপুর ইউনিয়নের ঠাকুরবাড়ি মেলা ঘিরে একদল অসাধু ব্যক্তি মেলা প্রাঙ্গণের অদূরে গোপনে জুয়ার আসর বসিয়ে আসছিল। বিষয়টি জানাজানি হলে মেলার ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে এবং যুব সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বার ও গ্রাম পুলিশ নিয়ে সেখানে আকস্মিক অভিযান পরিচালনা করেন।
একটি খোলা মাঠে জুয়াড়িরা রীতিমতো আসর জমিয়ে বসেছিল। চেয়ারম্যানের উপস্থিতিতে জুয়াড়িরা দিগ্বিদিক জ্ঞান হারিয়ে দৌড়ে পালিয়ে যায়। তবে সেখান থেকে জুয়া খেলার বোর্ড, বিভিন্ন রঙের ছক্কা (গুটি) এবং জুয়া খেলায় ব্যবহৃত আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধারকৃত সরঞ্জামগুলো পরে সকলের সামনে প্রদর্শন করা হয়।
অভিযান শেষে উপস্থিত সাংবাদিকদের চেয়ারম্যান জানান, "রামচন্দ্রপুরের শান্ত পরিবেশ এবং মেলার পবিত্রতা নষ্ট হতে দেওয়া হবে না। কিছু অসাধু চক্র তাদের ব্যক্তি স্বার্থে তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিতে এই জুয়ার আসর বসিয়েছিল। আমরা খবর পাওয়া মাত্রই মেম্বার ও গ্রাম পুলিশ নিয়ে অভিযান চালিয়েছি। জুয়াড়িরা পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের সমস্ত সরঞ্জাম আমরা ধ্বংস ও জব্দ করেছি।"
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, "মেলায় কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড, মাদক বা জুয়ার আসর সহ্য করা হবে না। জনস্বার্থে এবং মেলার শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"
চেয়ারম্যানের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন মেলায় আসা দর্শনার্থী ও স্থানীয় সচেতন মহল। তারা জানান, মেলা একটি উৎসবের জায়গা, সেখানে জুয়ার মতো অসামাজিক কার্যকলাপ চলতে থাকলে পারিবারিক পরিবেশ নষ্ট হয়। এই অভিযানের ফলে মেলায় আসা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page