নিজস্ব প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোটের ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
তবে, তথ্য যাচাইয়ের জন্য জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র সাময়িক স্থগিত রাখা হয়েছে।
আজ (বুধবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান সাংবাদিকদের এ তথ্য জানান।
রিটার্নিং কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে যাচাই-বাছাই শেষে যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়েছে।
তারা হলেন— নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ, সামসুন নাহার, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান, মাহবুবা হাকিম ও রোকেয়া বেগম।
স্থগিত হওয়া প্রার্থী মনিরা শারমিনের বিষয়ে মো. মঈন উদ্দীন খান বলেন, তার মনোনয়নপত্রে পূর্ববর্তী পেশা হিসেবে চাকরির কথা উল্লেখ আছে এবং তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে সরকারি পে-স্কেলের কথাও বলা আছে।
তিনি আরও বলেন, নির্বাচনী বিধিমালা অনুযায়ী, কেউ সরকারি চাকরিজীবী হলে, পদত্যাগের পর নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে তিন বছর অতিবাহিত হওয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে।
মো. মঈন উদ্দীন খান জানান, স্বপক্ষে উপযুক্ত প্রমাণ জমা দেওয়ার জন্য মনিরা শারমিনকে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আজ বুধবার দুপুর ২টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় ও শেষ দিনের মতো সকাল ১০টা থেকে পুনরায় এই বাছাই কার্যক্রম চলবে।
সুষ্ঠু ও স্বচ্ছভাবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে ইসি আগেই জানিয়েছিল যে মনোনয়নপত্র বাছাইকালে প্রার্থী নিজে এবং তাদের প্রস্তাবক ও সমর্থক উপস্থিত থাকতে পারবেন।
আজ বাছাই পর্বেও প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিত থাকতে দেখা যায়।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page