সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারায়ণপুরে আজ এক বিশেষ অভিযান চালিয়ে মেসার্স মাহাদী এন্টারপ্রাইজ নামক একটি এলপি গ্যাস ডিলার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করার দায়ে এই দণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নারায়ণপুর বাজারের বসুন্ধরা এলপি গ্যাসের ডিলার মেসার্স মাহাদী এন্টারপ্রাইজের মালিক মো. বাছির মিয়া সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে সাধারণ ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছেন। খবর পেয়ে আজ দুপুরে সেখানে অভিযান পরিচালনা করেন নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ বিন মনসুর।
অভিযান চলাকালে দেখা যায়, ১৬৫৭ টাকা মূল্যের এলপি গ্যাস সিলিন্ডার ক্রেতাদের কাছে ২০০০ টাকায় বিক্রি করা হচ্ছে। অর্থাৎ প্রতিটি সিলিন্ডারে ৩৪৩ টাকা অতিরিক্ত আদায় করা হচ্ছিল। ভোক্তাদের অভিযোগ এবং হাতেনাতে প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ডিলার বাছির মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর জানান, আসন্ন ঈদকে সামনে রেখে কোনো অসাধু চক্র যাতে নিত্যপণ্যের বাজার অস্থির করতে না পারে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।
অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
অভিযানকালে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বাজার কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন পদক্ষেপে এলাকার সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page