প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:২০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ণ
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এপিলেট ডিভিশনের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ-এর জারি করা স্থায়ী নিষেধাজ্ঞা অমান্যের গুরুতর অভিযোগ উঠেছে। মামলা নম্বর ১৫২১/২১ অনুযায়ী সংশ্লিষ্ট জমিগুলোর ওপর আদালতের স্থায়ী ইনজাংশন বহাল থাকলেও তা উপেক্ষা করে বিভিন্ন কার্যক্রম চালানোর অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
তথ্যসূত্রে জানা যায়, আইনুদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফা এস্টেটের আওতাধীন একাধিক মৌজার বিপুল পরিমাণ জমি নিয়ে এই বিরোধের সৃষ্টি হয়েছে। এর মধ্যে বাউনিয়া মৌজার সিটি নম্বর ৮-এর প্রায় ৩৭১ একর, দুয়ারীপাড়া মৌজার সিটি নম্বর ৪-এর ৪৮ একর এবং উত্তরা মৌজার সিটি নম্বর ৬-এর প্রায় ৩৫০ একর জমি দীর্ঘদিন ধরে বিরোধের কেন্দ্রে রয়েছে। এসব জমির ওপর আপিল বিভাগের স্থায়ী নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে বলে জানা গেছে।

অভিযোগে বলা হয়, ২০১৯ সালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমিগুলোকে ‘মালিকানাবিহীন’ হিসেবে দেখিয়ে অধিগ্রহণের উদ্যোগ নেয় এবং এ সংক্রান্ত চিঠি ইস্যু করে। পরবর্তীতে ২০২১ সালে সিটি জরিপে অধিকাংশ জমি আইনুদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফা এস্টেটের নামে নথিভুক্ত হলে আদালত উক্ত ভূমির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
ভুক্তভোগীদের দাবি, ২০২১ সালের আদালতের রায়ে পূর্বের সব ধরনের অধিগ্রহণ বাতিল হয়ে জমির মালিকানা পুনরায় তাদের কাছে ফিরে আসে। এরপরও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তির নামে জমি বরাদ্দ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা আদালতের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন।
এ বিষয়ে এস্টেটের প্রতিনিধিরা বলেন, “আমরা জীবিত থাকা অবস্থায় এবং আমাদের নামে সিটি জরিপ সম্পন্ন হওয়ার পরও কীভাবে এই জমি অধিগ্রহণের চেষ্টা করা হচ্ছে তা বোধগম্য নয়। সরকার যদি কোনো প্রকল্পের জন্য জমি প্রয়োজন মনে করে, তবে আমাদের সঙ্গে আলোচনা করে আইনানুগ প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেওয়া উচিত।”
তারা আরও অভিযোগ করেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে নিম্নআয়ের প্রকৃত দাবিদারদের বিরুদ্ধে এক ধরনের বৈষম্যমূলক পরিস্থিতি তৈরি করা হচ্ছে।
এ পরিস্থিতিতে ভুক্তভোগীরা বিষয়টি দ্রুত সমাধানের জন্য সরকারের উচ্চপর্যায় এবং সংশ্লিষ্ট আদালতের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬