সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক অভিনব ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বিদ্যালয় থেকে চুরি করে নিয়ে যাওয়া চারটি সিলিং ফ্যানের মধ্যে একটি ফ্যান ফেরত দিয়ে গেছে চোর। শুধু ফ্যানই নয়, সাথে রেখে গেছে নিজের ভুল স্বীকার করে লেখা একটি চিরকুট। যেখানে লেখা ছিল— "টাকার জন্য চুরি করেছিলাম।"
বৃহস্পতিবার ১৬ এপ্রিল সকালে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ আইডিয়াল একাডেমি কর্তৃপক্ষ স্কুল প্রাঙ্গণে ফ্যানটি পড়ে থাকতে দেখেন।
স্কুল সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে চারটি সিলিং ফ্যান চুরি হয়। চুরির এই ঘটনায় এলাকায় বেশ আলোচনা তৈরি হয়েছিল। তবে বৃহস্পতিবার সকালে স্কুলের নাম লেখা একটি ফ্যান বারান্দায় পড়ে থাকতে দেখে চমকে যান শিক্ষক ও স্থানীয়রা। ফ্যানটির সাথে হাতে লেখা একটি চিরকুট পাওয়া যায়, যাতে চোর তার অভাবের কথা স্বীকার করে ফ্যানটি ফেরত দেওয়ার কথা জানায়।
কর্মমঠ আইডিয়াল একাডেমির পরিচালক এফ এ সোহাগ জানান, চোর যে ফ্যানটি ফেরত দিয়েছে সেটিতে বিদ্যালয়ের নাম লেখা ছিল। চিরকুটে টাকার প্রয়োজনে চুরির কথা উল্লেখ করায় তিনি মনে করছেন চোর হয়তো পেশাদার কেউ নয়, বরং অভাবের তাড়নায় এই পথ বেছে নিয়েছিল।
এফ এ সোহাগ বলেন, "ফ্যান ফেরত দিয়ে চিরকুট লিখে যাওয়ার বিষয়টি ইতিবাচক। আমার বিশ্বাস সে জাত চোর নয়। তাই আমি ঘোষণা দিয়েছি, যদি সে বাকি ফ্যানগুলোও ফেরত দিয়ে যায়, তবে তাকে শাস্তির বদলে পুরস্কার দেওয়া হবে। আশা করি তার মধ্যে শুভ বুদ্ধির উদয় হবে এবং সে বাকি ফ্যানগুলোও ফিরিয়ে দেবে।"
এদিকে এই ব্যতিক্রমী ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চোরের এমন অনুশোচনা ও স্কুল কর্তৃপক্ষের ক্ষমার মানসিকতাকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয়রা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page