মোঃ শফিকুল আলম-ক্রাইম রিপোর্টার গাইবান্ধা
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া চারমাথা এলাকায় মাদকের বিস্তার রোধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর সচেতন যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকাটিতে দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার ঘটছে, যা স্থানীয় পরিবেশ ও তরুণ সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। মাঝে মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান থাকলেও তা স্থায়ী সমাধান আনতে পারছে না বলে তারা দাবি করেন।
যুব প্রতিনিধি মেহেদী হাসান মারুফ বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি-এটি রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।
জামায়াতে ইসলামী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রুহুল আমিন রঞ্জু বলেন, মাদকবিরোধী আন্দোলনের পাশাপাশি প্রশাসনের দৃশ্যমান ও কঠোর পদক্ষেপ জরুরি।
ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলম মিয়া (মহুরী) বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতি হবে।
সভাপতিত্ব করেন আব্দুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন হান্নান সরকার মিন্টু। এছাড়া শিক্ষক ফরহাদ হোসেন ও প্রভাষক জাহিদ হাসান সাগর সংক্ষিপ্ত বক্তব্য দেন।
কর্মসূচিতে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়-উত্তর ধানঘড়া চারমাথা এলাকাসহ আশপাশে মাদক নিয়ন্ত্রণে দ্রুত অভিযান জোরদার, নজরদারি বৃদ্ধি এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page