সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইউনিয়ন ভূমি অফিসে আলমাস নামে এক ব্যবসায়ীর কাছে জমির খারিজের নাম করে ৪০ হাজার টাকা ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে। এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন তিন সাংবাদিক। অভিযুক্তরা সাংবাদিকদের মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাঁদেরসহ বেশ কয়েকজন সেবাগ্রহীতাকে অফিসের ভেতরে রেখে গেটে তালা দিয়ে পালিয়ে যান।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নবীনগর ইউনিয়ন ভূমি অফিসে এই ঘটনা ঘটে।
অবরুদ্ধ হওয়া তিন সাংবাদিক হলেন— বাংলা টিভি ও বাংলাদেশ প্রতিদিনের নবীনগর প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, গ্রিন টিভির নবীনগর প্রতিনিধি মমিনুল হক রুবেল এবং সাংবাদিক অলিউল্লা।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী আলমাসের কাছে জমির নামজারি (খারিজ) করার জন্য নবীনগর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী নায়েব শামসুদ্দোহা ও অফিস সহায়ক হাবিবুর রহমান ৪০ হাজার টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি সংবাদকর্মীরা জানতে পেরে দুপুরে ওই অফিসে গিয়ে সংশ্লিষ্টদের বক্তব্য নিতে চান।
এতে ক্ষিপ্ত হয়ে নায়েব ও অফিস সহায়ক সাংবাদিকদের মোবাইল ফোন ছিনিয়ে নেন। একপর্যায়ে তিন সাংবাদিক, কয়েকজন সাধারণ সেবাগ্রহীতা ও অফিসের অন্য স্টাফদের ভেতরে রেখেই বাইরে থেকে প্রধান ফটকে তালা মেরে অভিযুক্তরা দ্রুত সটকে পড়েন।
এ বিষয়ে অভিযুক্ত সহকারী নায়েব শামসুদ্দোহা মুঠোফোনে সাংবাদিকদের জানান, "তাঁরা সরাসরি রেকর্ড রুমে ঢুকে হইচই শুরু করেছিলেন। আমরা তাঁদের চিনি না। রেকর্ড রুমে গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকে, সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। তাই তালা দিয়েছি।"
এদিকে, সাংবাদিকদের দীর্ঘক্ষণ আটকে রাখার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সংবাদকর্মী ও সাধারণ মানুষের মাঝে তীব্র উত্তেজনা দেখা দেয়। বিষয়টি ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page