সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অবৈধ ড্রেজার ব্যবসার ভয়াল থাবায় বিপন্ন হয়ে পড়ছে জনপদ। একদিকে ড্রেজারের কারণে নদী ও নিম্নাঞ্চলের কৃষিজমি ও ঘরবাড়ি বিলীন হচ্ছে, অন্যদিকে সেই অবৈধ ড্রেজারের বালু দিয়ে ভরাট করে ফেলা হচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী ভোলাচং মেলা সংলগ্ন মাঠ। স্থানীয় প্রভাবশালী চক্রের এমন কর্মকাণ্ডে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে জনমনে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে বসানো হয়েছে অসংখ্য অবৈধ ড্রেজার। মাটি ও বালু উত্তোলনের ফলে আশপাশের শত শত বিঘা ফসলি জমি ধসে পড়ছে। অনেক জায়গায় বসতভিটা ও ঘরবাড়ি ড্রেজারের গর্তে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। সাধারণ কৃষকরা তাদের শেষ সম্বল রক্ষায় আপ্রাণ চেষ্টা করেও প্রভাবশালী ড্রেজার সিন্ডিকেটের সামনে অসহায় হয়ে পড়েছেন।
সবচেয়ে মর্মান্তিক দৃশ্য দেখা গেছে নবীনগরের শত বছরের ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ভোলাচং মেলা সংলগ্ন এলাকায়। অভিযোগ উঠেছে, অবৈধ ড্রেজার দিয়ে উত্তোলিত বালু ফেলে ভরাট করা হচ্ছে মেলার এই বিশাল মাঠ। মাঠটি বালুর স্তূপে ঢাকা পড়ে যাওয়ায় এর চিরচেনা রূপ হারিয়ে যাচ্ছে। স্থানীয়রা জানান, এই মাঠটি এলাকার সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের কেন্দ্রবিন্দু। এভাবে মাঠটি ভরাট হতে থাকলে ভবিষ্যতে ঐতিহ্যের এই মেলা আয়োজন করা অসম্ভব হয়ে পড়বে।
এলাকাবাসীর অভিযোগ, ড্রেজার মালিকরা প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। ড্রেজারের পাইপলাইন চলাচলের কারণে যাতায়াতেও সমস্যা সৃষ্টি হচ্ছে। স্থানীয় সচেতন মহলের দাবি, এই অবৈধ ড্রেজার বাণিজ্য বন্ধ না হলে নবীনগরের মানচিত্র থেকে হারিয়ে যাবে উর্বর কৃষিজমি এবং ধ্বংস হবে প্রাচীন সব ঐতিহ্য।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page