মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনা মহানগরীর খালিশপুরে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে নয়াবাটি এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন স্থানীয় বিএনপি নেতা সোনামিয়া (৩৮)। তিনি খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী তাঁতীদলের আহ্বায়ক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনামিয়া নয়াবাটি এলাকায় তার নিজস্ব চায়ের দোকানে অবস্থান করছিলেন। রাত সোয়া ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে তিন থেকে চারজন দুর্বৃত্ত অতর্কিতভাবে দোকানের ভেতরে প্রবেশ করে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাণ বাঁচাতে সোনামিয়া পাশের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন, কিন্তু হামলাকারীরা সেখানে গিয়েও তাকে পুনরায় আক্রমণ করে। এক পর্যায়ে তিনি গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলাকারীদের মধ্যে একজন হেলমেট এবং বাকিরা মাস্ক পরিহিত ছিল বলে জানা গেছে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"
এই ঘটনার পর খালিশপুর এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত সোনামিয়া নয়াবাটি এলাকার আব্দুল জব্বার সরদারের ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page