সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নে এক বিধবা নারীর ওপর প্রভাবশালী চক্রের পৈশাচিক বর্বরতার অভিযোগ উঠেছে। উম্মে হানি (২৬) নামে ওই নারীকে শারীরিক নির্যাতন, শ্লীলতাহানি এবং কামড়ে শরীরের মাংস তুলে নেওয়ার মতো নৃশংসতা চালিয়ে স্বামীর বসতভিটা থেকে উচ্ছেদ করা হয়েছে। বর্তমানে ওই নারী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যাকুট গ্রামের মৃত আবু তাহের মিয়ার স্ত্রী উম্মে হানির ওপর তার স্বামীর মৃত্যুর পর থেকেই বিবাদী জামাল মিয়া, কামাল মিয়া, ইসমাইলসহ একটি প্রভাবশালী চক্র নির্যাতন চালিয়ে আসছিল। গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উম্মে হানির বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তাকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং শ্লীলতাহানি ঘটায়। নিষ্ঠুরতার চরম পর্যায়ে বিবাদীরা তাকে মাটিতে ফেলে শরীরের বিভিন্ন স্থানে কামড়ে মাংস তুলে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী উম্মে হানির দাবি, হামলার সময় বিবাদীরা তার ঘর থেকে:নগদ ৩ লক্ষ ৮০ হাজার টাকা।৩৭ লক্ষ টাকা মূল্যের ব্যাংক চেক।২ ভরি স্বর্ণালংকার।
জমির গুরুত্বপূর্ণ দলিলপত্র লুট করে নেয়।
লুটপাটের পর বিবাদীরা ভুক্তভোগীর ঘরে নতুন তালা লাগিয়ে এবং চারপাশে সীমানা বেড়া দিয়ে তাকে সপরিবারে উচ্ছেদ করে। বর্তমানে তিনি ভিটেমাটি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
"পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার হুমকি"
আদালতের নির্দেশনাকেও তোয়াক্কা করছে না অভিযুক্তরা। ভুক্তভোগীর পিতা মো. দবিরুল ইসলাম জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে আদালত বিবাদীদের কারণ দর্শানোর নোটিশ দেন। গত ১৬ ফেব্রুয়ারি বিবাদীরা আদালতে হাজির হয়ে শান্তি ভঙ্গের মুচলেকা (বন্ড) দিলেও বাস্তবে তাদের হুমকি থামেনি।
অভিযুক্ত সুমা আক্তারের স্বামী খোকন মিয়া বিদেশ থেকে ও স্থানীয়ভাবে প্রাননাশের হুমকি দিয়ে বলছেন,
"বাঁচতে চাইলে আমাদের কথা মেনে নে, নাহলে পেট্রোল ঢেলে শরীরে আগুন দিয়ে পুড়িয়ে মেরে লাশ বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেবো।"
বিবাদী জামাল মিয়া ও কামাল মিয়া হুমকির বিষয়টি অস্বীকার করে বলেন, তাদের ভাতিজা খোকন যা বলবে তারা সে অনুযায়ীই চলবেন। এদিকে খোকন মিয়া প্রবাস থেকে মুঠোফোনে সাংবাদিকদের কাছে হুমকির বিষয়টি অস্বীকার করেছেন।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) ইব্রাহিম মিয়া ঘটনার সুষ্ঠু সমাধান দাবি করেছেন।
স্থানীয় বিএনপি সভাপতি আলী আহমেদও এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ন্যায়বিচার দাবি করেছেন।
বর্তমানে পিতার বাড়িতে আশ্রিত উম্মে হানি কান্নায় ভেঙে পড়ে বলেন, "ওরা আমার সব লুট করে নিয়েছে, এখন আমাকে পুড়িয়ে মারার হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে আমার জীবনের নিরাপত্তা এবং স্বামীর ভিটায় ফেরার অধিকার চাই।"
এই ঘটনায় নবীনগর থানা এবং ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একজন অসহায় বিধবার ওপর এমন অমানবিক নির্যাতনের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি এখন প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page