সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের আহমেদ প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর ঘটনাটি অবশেষে ১১ লাখ টাকার বিনিময়ে মীমাংসা হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) রাতে পৌর সদরের একটি হোটেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সালিশি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের বাসিন্দা ও শিবপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. খবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, প্রসূতি রাকিবা আক্তারের মৃত্যুর দায়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকার মধ্যে ৮ লাখ টাকা মৃত প্রসূতির নবজাতক পুত্র সন্তানের নামে 'ফিক্সড ডিপোজিট' হিসেবে রাখা হবে। বাকি ৩ লাখ টাকার মধ্যে দেড় লাখ টাকা প্রসূতির বাবার পরিবারকে দেওয়া হবে। তবে প্রসূতির স্বামী ও তার পরিবার তাদের অংশের দেড় লাখ টাকা নিতে অপারগতা প্রকাশ করেছেন।
সালিশের সভাপতি খবির উদ্দিন মাস্টার জানান, "সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ২ লাখ টাকা প্রদান করেছে। বাকি ৯ লাখ টাকা আগামী এক মাসের মধ্যে পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছে তারা। এই টাকা ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছানো নিশ্চিত করা হবে।"
এদিকে, ঘটনার পর বিক্ষুব্ধ স্বজনদের হামলায় ক্ষতিগ্রস্ত হাসপাতালটি সংস্কারের দায়িত্ব কর্তৃপক্ষকেই নিতে হবে এবং এই মীমাংসার পর কোনো পক্ষই মামলা-মোকদ্দমা করতে পারবে না বলে সভায় সিদ্ধান্ত হয়।
তবে এই সালিশি বৈঠকের বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি বলেন, "প্রসূতির মৃত্যুর ৫ দিন পার হলেও কেউ থানায় অভিযোগ করেনি, যা আশ্চর্যজনক। তবে ময়নাতদন্তের রিপোর্টে কোনো অসংগতি পাওয়া গেলে পুলিশ নিজেই বাদী হয়ে মামলা করবে।"
জেলা সিভিল সার্জন মো. নোমান মিয়া জানান, "স্থানীয় সালিশে কী হয়েছে তা আমাদের দেখার বিষয় নয়। গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি আজ হাসপাতাল পরিদর্শন করেছে।
তদন্তে ডাক্তার বা হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি প্রমাণিত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
উল্লেখ্য, গত শনিবার মধ্যরাতে উপজেলার লাউর ফতেপুর গ্রামের সফিকুল ইসলামের স্ত্রী রাকিবা আক্তার (২০) ওই হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর মারা যান। স্বজনদের অভিযোগ, চিকিৎসক সৈয়দ কামরুজ্জামানের ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে পরদিন সকালে হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page