মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনার নবাগত জেলা প্রশাসক হুরে জান্নাত বলেছেন, খুলনা জেলার যেকোনো সমস্যা সমাধানে জেলা প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর দপ্তরসহ সরকারি কোনো দপ্তরে জনসাধারণের হয়রানিমূলক কোনো কাজ আর হতে দেওয়া হবে না।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময়কালে জেলা প্রশাসক হুরে জান্নাত খুলনার সার্বিক উন্নয়নে গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে একটি জনবান্ধব প্রশাসন গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে এবং সুশাসন নিশ্চিত করতে তিনি বদ্ধপরিকর।
সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত থেকে জেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। নবাগত জেলা প্রশাসক ধৈর্যসহকারে সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
উল্লেখ্য, হুরে জান্নাত খুলনা জেলার প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর এই যোগদানের মধ্য দিয়ে খুলনার জেলা প্রশাসনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page