সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাদপুর উপজেলায় পারিবারিক কলহ পরকীয়ার জেরে উজ্জ্বল খান (৪০)নামে গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। সোমবার দিবাগত গভীর রাতে কোটচাঁদপুর উপজেলার বলাবাড়িয়া গ্রামে এই ঘটনাটি ঘটে। এ ঘটনার পর অভিযুক্ত স্ত্রী রুবিনা আক্তার চায়না কে (৩৫) মঙ্গলবার দুপুরে গ্রেফতার করেছে উপজেলা থানার পুলিশ।
আহত উজ্জ্বল খান ওই গ্রামের আকমল খানের ছেলে। তিনি বর্তমানে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এই দম্পতি ২ (দুই) সন্তানের জনক এবং তাদের বড় মেয়ের বিয়ে হয়ে গেছে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উজ্জ্বল ও রুবিনার মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। স্থানীয়দের দাবি, রুবিনা আক্তার পরকীয়ায় লিপ্ত থাকায় স্বামীর সঙ্গে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। এরই জেরে সোমবার রাতে স্বামী ঘুমন্ত অবস্থায় থাকলে রুবিনা ধারালো ব্লেড দিয়ে তার গোপনাঙ্গ জখম করেন।
স্থানীয় ইউপি সদস্য জরিনা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দম্পতির মধ্যে বিবাদ দীর্ঘদিনের। সেই ক্ষোভ থেকেই রুবিনা এমন চরম পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হাসান জানান, আহত ব্যক্তির পুরুষাঙ্গে ধারালো অস্ত্রের আঘাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। সেখানে ৮ (আট) টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে রোগী আশঙ্কামুক্ত থাকলেও উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page