নিজস্ব প্রতিনিধি :
হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এ সময়ে আরও ১০ শিশু এ রোগে মারা গেছেন বলে সন্দেহ করা হচ্ছে।
আজ রোববার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
শনিবার (৪ এপ্রিল) সকাল ৮টা থেকে রোববার (৫ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
প্রতিবেদনে বলা হয়, একই সময়ে সারা দেশে নতুন করে ৯৭৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগী পাওয়া গেছে ৫৪ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ৯২৯ জন এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা সাত হাজার ৬১০ জন।
গত ১৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে সন্দেহজনক হামে ১১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ৩ হাজার ২৫৯ শিশু হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৪৬৮ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ৩ হাজার ৩৮০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখছে এবং সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page