মাসুম বিল্লাহ-খুলনা :
রাজধানীর গুলশান-২ এলাকায় ২৭ কাঠা সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুস সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জগঠন (অভিযোগ গঠন) শুনানির জন্য আগামী ২০ মে দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার (৫ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালাম এই আদেশ প্রদান করেন।
রোববার মামলাটির চার্জগঠন বিষয়ে শুনানির জন্য দিন নির্ধারিত ছিল। এ উপলক্ষে কারাগারে থাকা সালাম মুর্শেদীসহ অন্যান্য আসামিদের কড়া নিরাপত্তায় আদালত হাজির করা হয়। এ সময় জামিনে থাকা আসামিরাও আদালতে উপস্থিত ছিলেন।
শুনানিকালে সালাম মুর্শেদীর পক্ষে সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজী মামলা থেকে তাঁর অব্যাহতি চেয়ে আবেদন করেন এবং একই সঙ্গে জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন। তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য ২০ মে তারিখ নির্ধারণ করেন।
সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন জানান, ১৩ জন আসামির মধ্যে সালাম মুর্শেদী ও আজিজুল হকের পক্ষে তাঁদের আইনজীবীরা অব্যাহতির আবেদন জানিয়ে শুনানি করেছেন।
দুদকের দায়ের করা এই মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গুলশান আবাসিক এলাকার ১০৪ নম্বর রোডের ২৯ নম্বর হোল্ডিংয়ের (প্লট নং-সিইএন-ডি-২৭) সরকারি পরিত্যক্ত সম্পত্তিটি আত্মসাৎ করেছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তালিকায় থাকা এই সম্পত্তি কোনো প্রকার অবমুক্তকরণ ছাড়াই জাল-জালিয়াতির মাধ্যমে রেকর্ড তৈরি করে হস্তান্তর ও নামজারি করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।
এই অপরাধে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
সালাম মুর্শেদী ছাড়াও এই মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন,হুমায়ুন খাদেম (রাজউকের সাবেক চেয়ারম্যান),এম আজিজুল হক (প্রকৌশলী),লে. কর্নেল (অব.) এম নুরুল হক (সাবেক সদস্য, রাজউক),আবদুর রহমান ভূঁঞা (সাবেক পরিচালক, রাজউক),মো. আজহারুল ইসলাম (সাবেক উপপরিচালক)এ ছাড়া গণপূর্ত ও রাজউকের আরও বেশ কয়েকজন সাবেক কর্মকর্তা।
উল্লেখ্য যে, ২০২৪ সালের ১ অক্টোবর সালাম মুর্শেদীকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন। এর আগে হাইকোর্টের এক রায়ে গুলশানের এই বাড়িটি অবৈধ ঘোষণা করে সরকারকে তা হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page