মাসুম বিল্লাহ-খুলনা :
"তারেক রহমানের নির্দেশ, গড়বো নতুন বাংলাদেশ"—এই প্রত্যয় ব্যক্ত করে খুলনায় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গুম, খুন ও অমানুষিক নির্যাতনের শিকার এবং অসুস্থ ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (০৪ এপ্রিল) খুলনা জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভুক্তভোগীদের হাতে এই সহায়তা তুলে দেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।
খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পীর সভাপতিত্বে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মমিনুর রহমানের পরিচালনায় এই চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে খুলনা মহানগর ও জেলার মোট ৭৩টি পরিবারের হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ২৩টি শহীদ পরিবার এবং ৫০টি নির্যাতনে আহত ও অসুস্থ পরিবার।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, "গত ১৭ বছর ধরে সারা দেশে যে গুম ও খুনের সংস্কৃতি কায়েম করা হয়েছিল, তার একমাত্র উদ্দেশ্য ছিল মানুষের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া। দীর্ঘ দুঃশাসনের অবসান ঘটিয়ে আজ মানুষ যে মুক্তির নিশ্বাস নিচ্ছে, তা অর্জিত হয়েছে অসংখ্য ভাই-বোনের রক্ত আর স্বজনদের চোখের জলের বিনিময়ে।"
তিনি আরও স্পষ্ট করে বলেন, "জেলা পরিষদের পক্ষ থেকে এই সহায়তা কোনো দয়া বা করুণা নয়, বরং এটি ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায্য অধিকার। যারা সন্তানদের গুম করেছে এবং মায়ের কোল খালি করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। বাংলার মাটিতেই প্রতিটি খুনের বিচার নিশ্চিত করা হবে।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন,সিটি কর্পোরেশনের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু,খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল,মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা,নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন,জেলা ড্যাব সভাপতি রফিকুল ইসলাম বাবলু।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সহায়তাপ্রাপ্ত পরিবারগুলোর সদস্যরা এসময় আবেগাপ্লুত হয়ে পড়েন এবং এই উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page