সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও একটি পিকআপ ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৪ এপ্রিল) কুমিল্লার ব্রাহ্মণপাড়া, আদর্শ সদর এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্ত এলাকা থেকে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতীয় পণ্য আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, মেহেদী, কসমেটিকস সামগ্রী, শাড়ি, বাসমতি চাল, সাবান, ফুসকা, পটকা, বাজি এবং বিভিন্ন ধরনের জীবনরক্ষাকারী ওষুধ।
লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৫৯ লাখ টাকা। এছাড়া পাচারকাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানসহ মোট জব্দকৃত সম্পদের মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৯০ লাখ টাকা।
আটককৃত এসব চোরাচালানি পণ্য দ্রুত কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, "সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সবসময় অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় এই বিশাল চালানটি আটক করা সম্ভব হয়েছে। দেশের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে।"
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page