মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধা সদর উপজেলার ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রামে একটি কাঁচা রাস্তা পাকাকরণের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। রুস্তম মোড় থেকে তিন ভাই মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটির নির্মাণ কাজে অত্যন্ত নিম্নমানের ইট (খোয়া) ব্যবহার করা হচ্ছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার কাজ চলমান থাকলেও সেখানে ব্যবহৃত ইটের মান নিয়ে জনমনে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার এক নম্বর ইটের পরিবর্তে দুই নম্বর এবং তিন নম্বর ইটের খোয়া দিয়ে রাস্তা ভরাট করছেন।
এক স্থানীয় বাসিন্দা বলেন, "আমরা বারবার ঠিকাদারকে বলেছি ভালো মানের সামগ্রী দিয়ে কাজ করতে, কিন্তু আমাদের কথা আমলে নেওয়া হচ্ছে না।" এমনকি কাজ চলাকালীন কোনো কোনো সময় অনিয়মের অভিযোগে কাজ সাময়িকভাবে বন্ধও রাখা হয়েছিল।
এলাকাবাসীর একটাই দাবি— সরকারি বরাদ্দ অনুযায়ী যেন সঠিক মান বজায় রেখে রাস্তাটি নির্মাণ করা হয়। নিম্নমানের ইটের এই রাস্তা অল্প দিনেই ভেঙে পড়ার আশঙ্কা করছেন তারা। স্থানীয়রা জানান, যদি যথাযথভাবে কাজ সম্পন্ন না হয়, তবে তারা আরও বড় আন্দোলনে যেতে বাধ্য হবেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার বা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page