মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধা সদর হাসপাতালের নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট ভবনটি দ্রুত সচল করে জনভোগান্তি লাঘবের দাবি জানিয়েছেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব শাহ্ মোঃ আব্দুল করিম। আজ জাতীয় সংসদের অধিবেশনে তিনি এই জনগুরুত্বপূর্ণ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর জরুরি দৃষ্টি আকর্ষণ করেন।
সংসদে দেওয়া বক্তব্যে আব্দুল করিম এমপি জানান, গাইবান্ধা সদর হাসপাতালের ৯ তলা বিশিষ্ট আধুনিক ভবনটি ২০২৪ সালে হস্তান্তর করা হলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর এখনও সেখানে রোগী স্থানান্তর বা পূর্ণাঙ্গ চিকিৎসা কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। আধুনিক এই অবকাঠামোটি অবহেলায় পড়ে থাকায় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
এমপি তাঁর বক্তব্যে হাসপাতালের বর্তমান সংকটের মূল কারণগুলো তুলে ধরেন যেমন-
বিশেষজ্ঞ ডাক্তার, দক্ষ নার্স এবং টেকনিশিয়ানের তীব্র অভাব, পর্যাপ্ত আধুনিক চিকিৎসা সরঞ্জাম না থাকায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে,
স্থানীয়ভাবে চিকিৎসা না পেয়ে মুমূর্ষু রোগীদের রংপুর, বগুড়া বা ঢাকায় স্থানান্তর করতে গিয়ে পথিমধ্যে মৃত্যু ও নানা হয়রানির শিকার হতে হচ্ছে।
সংসদ সদস্য তাঁর নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে দাবি জানিয়ে বলেন, "সাধারণ মানুষকে হয়রানি ও প্রতারণার হাত থেকে বাঁচাতে এবং জেলায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এই হাসপাতালটি অবিলম্বে পূর্ণাঙ্গভাবে চালু করা অত্যন্ত জরুরি।" তিনি দ্রুত জনবল নিয়োগ এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের মাধ্যমে হাসপাতালটি সচল করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।
এসময় তিনি গাইবান্ধা সদর আসনের ভোটার ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে সংসদে সোচ্চার থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page