নিজস্ব প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট থেকে অপহৃত শিশু রাফছাকে উদ্ধার করেছে র্যাব-৬ এর একটি অভিযানিক দল।
গতকাল বুধবার রাতে অপহৃত শিশু উদ্ধার ও অপহরণকারী নয়নকে খুলনার কৈয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের বাসিন্দা আ. রশিদ খানের বাড়ির পাশে রাঙ্গা মিয়ার বাড়িতে বসবাস করত নয়ন। তারা উভয়ই একে অপরের বাড়িতে যাতায়াত করত। গতকাল বুধবার বেলা ১১ টার দিকে রশিদের স্ত্রী তুলি বেগমের কোলে থাকা রাফছাকে নয়নের স্ত্রী কোলে নিতে আসে। এরপর শিশুটিকে নিয়ে নয়নের স্ত্রী তাদের বাড়িতে চলে যায়।
কিছুক্ষণ পর নয়নের স্ত্রীর খোঁজ নিতে তাদের বাড়িতে গেলে জানতে পারে দোকানে খাবার কেনার জন্য শিশুটিকে নিয়ে গেছে। পরবর্তীতে মোবাইলের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে বিভিন্ন রকমের অসংলগ্ন কথা বলতে থাকে। সন্তানকে ফেরত পেতে তারা টাকারও দাবি করে। দাবিকৃত টাকা না দিলে রাফছাকে হত্যা করা হবে বলে হুমকি প্রদান করে। পরে এ ঘটনায় শিশুটির বাবা রশিদ খান ফকিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় পুলিশের পাশাপাশি র্যাবও ছায়া তদন্ত করে।
র্যাব-৬'র কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম বলেন, ফকিরহাটের বাহিরদিয়া থেকে রাফছা নামে ১৮ মাস বয়সী একটি কন্যাশিশুকে অপহরণ করে প্রতিবেশি নয়ন শেখ। তারা ভাড়াটিয়া হিসেবে থাকত। তাদের পরিবারের মধ্যে আসা যাওয়া চলত। সেই সুবাধে শিশুটিকে তার কোলে দেওয়া হয়েছিল।
আমরা বিকেল ৪ টার দিকে ফকিরহাট থানার মাধ্যমে জানতে পারি শিশুটিকে অপহরণ করে খুলনা আনা হয়েছে। তাৎক্ষণিক আমরা গোয়েন্দা কার্যক্রম শুরু করি। দীর্ঘ ৬ ঘন্টা অপারেশন শেষে কৈয়া বাজার থেকে শিশু রাফছাকে উদ্ধার এবং নয়নকে গ্রেফতার করি। শিশুটিকে সুস্থভাবে উদ্ধার করা হয়েছে। নয়নের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page