নিজস্ব প্রতিনিধি :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জ্যঁ পেম-এর নেতৃত্বে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে।
এসময় বৈঠকে দেশের সামগ্রিক উন্নয়নে বিশ্বব্যাংকের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী এটি ভবিষ্যতেও অব্যাহত থাকার প্রত্যাশা করেন।
মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। ইতোমধ্যে কৃষি ও খাদ্য নিরাপত্তাখাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। এই অগ্রগতির ধারা বজায় রাখতে বিশ্বব্যাংকের সহযোগিতার ক্ষেত্র আরো সম্প্রসারণের আহ্বান জানান তিনি।
এসময় বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন। পাশাপাশি সরকারের অগ্রাধিকারভুক্ত খাতগুলোতে সহযোগিতা আরো বাড়ানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page