
নিজস্ব প্রতিনিধি :
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সাথে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ রোববার দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
শুরুতে কৃষিমন্ত্রী বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে স্বাগত জানান। এসময় প্রতিনিধিদলের সদস্যরা মন্ত্রীসভার সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মোহাম্মদ আমিন উর রশিদকে শুভেচ্ছা জানান।
মন্ত্রী বলেন, কৃষকের জন্য ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে সারাদেশে বাস্তবায়ন করা হবে। চলতি বছরে পরীক্ষামূলকভাবে বিভিন্ন জেলার ১১টি ব্লকে এ কার্যক্রম শুরু করা হচ্ছে, যা পর্যায়ক্রমে সারাদেশে বিস্তৃত করা হবে। এ কার্ডের মাধ্যমে কৃষকদের স্বার্থ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।
বিশ্বব্যাংকের প্রতিনিধিগণ কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধি- বিশেষ করে কৃষি উপকরণ সরবরাহ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং বাজার উন্নয়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। মন্ত্রী বিশ্ব ব্যাংকের প্রস্তাবনাকে স্বাগত জানান।
বৈঠকে মন্ত্রী ও বিশ্বব্যাংকের প্রতিনিধিগণ কৃষি খাতের টেকসই উন্নয়ন ও কৃষকদের জীবনমান উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনসহ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের টেকসই উন্নয়ন বিষয়ক আঞ্চলিক পরিচালক দিনা উমালি-ডাইনিঙ্গারসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page