
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
ঝিনাইদহ সদর উপজেলার সাধারণ গ্রাহকদের জন্য স্বস্তির খবর। দীর্ঘদিনের জ্বালানি সংকট ও সরবরাহ ব্যবস্থার জটিলতা কাটিয়ে আগামীকাল সকাল থেকে উপজেলার সাতটি গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশনে একযোগে শুরু হচ্ছে তেল সরবরাহ। জ্বালানি তেলের সুষম বণ্টন নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অনিয়ম রোধে প্রতিটি পাম্পে একজন করে সরকারি ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দিয়েছে উপজেলা প্রশাসন।
২৯ মার্চ ২০২৬ তারিখে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তারেক হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি ও খনিজ
সম্পদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী পাম্পগুলোতে তেল বিতরণ কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবেন নির্ধারিত কর্মকর্তারা। পাম্পভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন: মেসার্স শরীফুল ফিলিং স্টেশন: মো: আমিন উদ্দিন (উপজেলা আনসার ও ভিডিপি অফিসার)। ইউসুফ ফিলিং স্টেশন-২: জি এম কামাল হোসেন (উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার)।
ইয়াফাদ ফিলিং স্টেশন: মিঠুন দাস (উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার)। মেসার্স ঝিনাইদহ ফিলিং স্টেশন: মুহা: খালেকুজ্জামান (উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার) হাটগোপালপুর ফিলিং স্টেশন: মো: মোস্তাফিজুর রহমান আনসারী (ইউডিএফ, ইউজিপিপি)। তামিম ফিলিং স্টেশন: মো: আসাদুজ্জামান (সহকারী পল্লী উন্নয়ন অফিসার) লালন ফিলিং স্টেশন: মো: মোহাইমিনুল ইসলাম (উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা)।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, নিযুক্ত ট্যাগ অফিসারগণ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি নির্ধারিত পদ্ধতিতে তেল বিক্রয় কার্যক্রম তদারকি করবেন। কোনো ধরনের কালোবাজারি বা কৃত্রিম সংকট সৃষ্টি যেন না হয়, সেজন্য তাদের প্রতিদিনের কার্যক্রমের ওপর ভিত্তি করে দৈনিক প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় গ্রাহকদের আশা, সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে এখন থেকে ভোগান্তি ছাড়াই সঠিক মূল্যে এবং সঠিক পরিমাপে জ্বালানি তেল সংগ্রহ করা সম্ভব হবে। আগামীকাল সকাল থেকেই এই সাতটি স্টেশনে নির্ধারিত নিয়ম মেনে জ্বালানি তেল বিক্রি শুরু করার জন্য পাম্প কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page